বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব আসামের
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৪২
বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে চলে যাওয়া ব্যক্তিদের শরণার্থী হিসাবে ঘোষণা করে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে আসাম রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের প্রচারের সময় বার বার একই দাবি তুলেছিলেন। কিন্তু বিজেপি এখন বলছে, আসামের কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। আর বৃহত্তম অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন ‘আসু’ বলছে, এই প্রস্তাব তারা কিছুতেই মানবে না।
আসামের মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাবটিতে বলা হয়েছে ১৯৪৭ সালের আগে যারা অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন হওয়া দেশে থেকে যান এমন মানুষেরা যদি সেখানে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে ফেরত আসেন, তাদের শরণার্থী হিসাবে গ্রহণ করা হোক। এসব মানুষকে নিজেদের দেশে ফেরত না পাঠিয়ে ভারতের নাগরিকত্বসহ অন্যান্য মানবিক সাহায্য দেয়ার কথাও বলা হয়েছে বুধবার রাজ্য মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাবে।
আসাম সরকারের মুখপাত্র ও বনমন্ত্রী রকিবুল হোসেন বলছিলেন, অভিবক্ত ভারতের যেসব নাগরিক আসামে ফেরত এসেছেন ধর্মীয় অত্যাচারের কারণে, তাদের বিদেশি বলে গণ্য না করে নাগরিকত্ব দেয়ার কথা বলেছি আমরা। গুজরাত আর রাজস্থানে এই আইন চালু আছে। তবে আসাম চুক্তি অনুযায়ী যেহেতু ১৯৭১ সালের ২৫ মার্চের পরে আসা কোনও বিদেশিকে নতুন করে নাগরিকত্ব দেয়া যায় না, তাই কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হল বিবেচনার জন্য। এবারে তারা সঠিক মনে করলে আইন করবে।
অন্যদিকে অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন সারা আসাম ছাত্র সংগঠন বা আসু জানিয়েছে অবৈধ বিদেশিদের মধ্যে হিন্দু-মুসলমান আলাদা করার এই সরকারি প্রস্তাব তারা কিছুতেই মানবে না। আর বিজেপির প্রাক্তন সংসদ সদস্য কবীন্দ্র পুরকায়স্থ আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু বলতে রাজি হননি।