পাঁচ জানুয়ারির নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৪৫
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মনোনীত নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ছিল নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ। দেশটির রাজনৈতিক দল-গুলোকে জরুরিভিত্তিতে গঠনমূলক সংলাপে বসা দরকার। যাতে আরো প্রতিনিধিত্ব-মূলক সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। রাষ্ট্রদূত পদের জন্য প্রাথমিকভাবে মনোনীত ব্লুম বার্নিকাট গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে দেয়া বক্তব্যে এ কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নিয়োগ চূড়ান্ত হলে তিনি বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন।
মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট তার বক্তব্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যা-লঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নিয়োগ পেলে বাংলা-দেশে জবাবদিহিতার প্রসার এবং মানবাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করবেন বলে ঘোষণা দেন তিনি। বাংলাদেশে শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এখনো গুরুত্বপূর্ণ অগ্রাধিকার উল্লেখ করে এসব বিষয়ে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
নিয়োগ চূড়ান্ত হলে সরকার, সুশীল সমাজ ও সব শ্রেণির বাংলাদেশির সঙ্গে কাজ করার মাধ্যমে বিস্তৃত ও ন্যায়সংগত অংশগ্রহণকে উত্সাহিত করে এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি।
সিনেট কমিটিকে তিনি জানান, জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম বৃহত্তম ও তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ তার নমনীয়, ধর্মনিরপেক্ষ ও বহুতাত্ত্বিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। মানবপাচার মোকাবেলা এবং প্রাকৃতিক দুর্যোগের হুমকি হ্রাসের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একইসঙ্গে নিয়োগ চূড়ান্ত হলে সন্ত্রাসবিরোধী, সমুদ্রসীমার নিরাপত্তা, শান্তিরক্ষা এবং মাদক ও অস্ত্র পাচার মোকাবেলাসহ নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে আমাদের সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখতে কাজ করবো।
তিনি আরো বলেন, মানবাধিকার ও বৈচিত্র্যতার প্রতি শ্রদ্ধা, সুশীল সমাজের প্রসার, সহিংসতা ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক মতপার্থক্যের আলোচনা এবং একটি স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে আইনের শাসনের প্রতি অনুগত হওয়াসহ শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে প্রচারণা চালাবো। গ্রামীণ ব্যাংকের অব্যাহত কার্যকারিতা নিশ্চিত করতে ও এর অন্যান্য প্রশাসনিক কাঠামো সংরক্ষণ করতেও আমরা সরকারকে উত্সাহিত করছি।
ইতিমধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। গত তিন দশকে পাঁচটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলের আটটি রাষ্ট্রে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।