রাস্তা সংস্কার দুইদিনে শেষ না হলে শাস্তি

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সকল রাস্তা দুই দিনের মধ্যে চলাচলের উপযোগী করতে ব্যর্থ হলে সংশ্লি¬ষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু শাস্তি নয় যিনি ব্যর্থ হবেন তাকে বাদ দিয়ে উদ্যমী লোক নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, ২০ জুলাইয়ের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন রাস্তার চলমান সংস্কার কাজ অবশ্যই শেষ করতে হবে। শুক্রবার জুরাইন-পোস্তগোলা-পাগলা সড়কের যানজট পরিস্থিতি ও সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে জুরাইন রেলগেট এলাকায় উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। যোগাযোগমন্ত্রী জুরাইন রেলগেট এলাকার যানজট পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে যানজট নিরসনে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা এবং কর্তব্যরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন। এছাড়া জুরাইন-পোস্তগোলা ও পাগলা সড়কে কাজের ত্রুটি হলে সংশ্লি¬ষ্ট প্রকৌশলীকে আবারও শোকজ করা হবে বলে হুঁশিয়ারি দেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে করে আগামী ২০১৭-১৮ সালের দিকে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্ল¬বিক পরিবর্তন আসবে। তিনি মহাসড়কগুলোতে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্যও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেনে সমপ্রসারণ কাজের যে অংশগুলোর কাজ শেষ হয়েছে- অচিরেই খুলে দেয়া হবে বলেও যোগাযোগমন্ত্রী জানান।