খালেদা জিয়াকে তালপট্টিতে যেতে আহ্বান জানালেন মতিয়া চৌধুরী
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৪, ২২:৪৮
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তালপট্টি যাওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তালপট্টি নিয়ে বিএনপির বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভারতের সাথে সমুদ্র সীমানা মামলায় বাংলাদেশ ৫ আনার মধ্যে ৪ আনা পেয়েছে। তারপরও খালেদা জিয়া লাফালাফি করছেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ডুবুরি নিয়ে যান আমরা খরচ বহন করব। তালপট্টিতে গিয়ে ডুব দিয়ে দেখুক সেখানে কী আছে। জেলায় নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার গরীব দুঃস্থদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, শাড়ি, শার্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, প্রশাসনের কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী উপজেলার গৌরদ্বার, পাঠাকাটা, চর অষ্টাধর ও টালকি ইউনিয়নে প্রায় ৫ হাজার গরীব মানুষকে ভিজিএফ চাল, শাড়ি, শার্ট প্রদান করেন।