ভোলায় নভেম্বরে ১শ’ মেগাওয়াটের বিদ্যুত্ ইউনিট চালু হবে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আগামী নভেম্বরে ভোলার বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক বিদ্যুত্ কেন্দে র ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট উত্পাদনে যাবে। এতে ভোলার অন্যান্য বিদ্যুত্ চাহিদা মিটিয়ে বহু শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি ভোলার ভেদুরিয়ায় একটি ইকোনমিক জোন গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোলায় আরও ২০ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত। ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস দিয়েই সকল চাহিদা মেটানো হবে। ভোলাতে গড়ে তোলা হবে একটি সার কারখানা। বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি গতকাল শুক্রবার ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির ভাষণদান কালে এসব কথা বলেন। তিনি বলেন, ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি মহল দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায়। তাদের সেই চেষ্টা কখনই সফল হবে না। সমাবেশে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার মোঃ মনিরুজামান, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।