মালয়েশীয় বিমান
যাত্রীর শেষ
ভিডিও
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:০৩
ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটির শেষ দৃশ্যটি ধারণ করেছিলেন ৩০ বছর বয়সী এক যাত্রী। বিমানটি আমস্টারডাম থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ আগে ১৪ সেকেন্ডের ঐ ভিডিও দৃশ্য ধারণ করেছিলেন মো. সেলিম। শনিবার মালয়েশীয় ইন্টারনেটভিত্তিক সংবাদপত্র ‘দ্যা স্টার অনলাইন’ এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়, নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা সেলিমের ঐ ভিডিওতে দেখা যায়, যাত্রীরা মাথার উপরের কম্পার্টমেন্টে নিজেদের ব্যাগ রাখছেন। ইন্সটাগ্রাম ভিডিওর যে ক্যাপশন লেখা হয়েছে তা দেখে মনে হচ্ছে, দৃশ্য ধারণকারী যুবক উড়োজাহাজে করে দেশে ফেরা নিয়ে নিজের অস্বস্তি প্রকাশ করেছেন। ক্যাপশনে লেখা, “বিসমিল্লাহ... কিছুটা নার্ভাস লাগছে। ঐ ভিডিওটি এখন ইউটিউব এবং ফেইসবুকসহ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ঘোষণা ভেসে আসছিল- সম্ভবত তা পাইলটের কণ্ঠ হবে। যাত্রী উঠানো ও মালবোঝাই করার শেষ পর্যায়ে রয়েছি আমরা। আবারো বলছি, অনুগ্রহ করে সবার মোবাইল ফোনগুলো বন্ধ করে নিন। এর পরই ভিডিও দৃশ্যটি শেষ হয়ে যায়।