আলোচনাই যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে :মার্কেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, শুধুমাত্র আলোচনা ও সমঝোতাই পারে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে। যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার তিনি এমন মন্তব্য করলেন। এক সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, দুই দেশের উচিত যুক্তরাষ্ট্র-জার্মানি সাইবার সংলাপের মতো আলোচনার প্ল্যাটফর্ম ব্যবহার করা। নিরাপত্তা, তথ্য-উপাত্ত সুরক্ষা এবং গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য থাকা সত্ত্বেও মার্কেল যুক্তরাষ্ট্রকে জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘জার্মানির নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার গুরুত্ব অপরিসীম’। মার্কেল আরো জানান, পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে জার্মানি ও যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী অংশীদারিত্ব বজায় রেখেছে। তিনি বলেন, ‘ইউক্রেন সংকট এবং ইরানের সঙ্গে পরমাণু আলোচনাসহ মধ্যপ্রাচ্যে সংঘাতের মতো ইস্যুগুলো নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখা ইইউ এবং যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ’। উল্লেখ্য, গত বছর মার্কেলের ফোনে আড়িপাতার খবর ফাঁস হওয়া এবং সমপ্রতি যুক্তরাষ্ট্রের হয়ে এক জার্মান গোয়েন্দার তথ্য পাচারের অভিযোগের ঘটনায় দেশ দু’টির সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছে। ইতোমধ্যে জার্মান সরকারের দাবি অনুযায়ী বার্লিনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ’র প্রধান কর্মকর্তা জার্মানি ত্যাগ করেছেন।