পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১১

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার মার্কিন ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছে। উপজাতি এ এলাকায় পাকিস্তানী তালেবানের একটি কম্পাউন্ড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। উত্তর ওয়াজিরিস্তানের যে এলাকায় এ হামলা চালানো হয় সেখানে গত একমাস ধরে পাকিস্তানী সামরিক বাহিনী তালেবান ও অন্য জঙ্গিদের দীর্ঘদিনের বিভিন্ন ঘাঁটি গুড়িয়ে দিতে অভিযান চালিয়ে আসছে। এ অঞ্চলের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই কম্পাউন্ড লক্ষ্য করে মার্কিন ড্রোন থেকে ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানী তালেবানের পাঞ্জাবী শাখার ১১ সদস্য নিহত হয়েছে।’ ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে পাকিস্তানে তালেবানের ‘গুরুত্বপূর্ণ’ দুই কমান্ডার রয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশে অস্বীকৃতি জানান। এর আগে অপর এক কর্মকর্তা এ হামলায় আটজন নিহত হওয়ার কথা জানিয়েছিল। উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহ’র প্রায় ৩৬ কিলোমিটার পশ্চিমে ডেটাখেল শহরের উপকণ্ঠে মাদাখেলে এ ড্রোন হামলা চালানো হয়।