যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ পুলিশসহ আহত ১৩
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:০৯
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনায় কেরু এ্যান্ড কোমপানির ৬ টি জেনারেটর উত্তোলনকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কেরু ক্লাব মাঠে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দর্শনা কেরু এ্যান্ড কোমপানির জেনারেটর উত্তোলনকারী ঠিকাদার আকবার আলী ও যুবলীগের সাইফুল ইসলামের লোকজন জেনারেটর উত্তোলন করতে গেলে শেখ আসলাম আলী তোতা গ্রুপের লোকজন বাধা দেয়। এতে দু’ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় যুবলীগের সাইফুল ইসলাম হুকুম, খালিদ হানান মিঠু, আকমত, মনজুর, জয়নাল আবেদীন নফর, খোকা, লাল্টু, হেলাল, শেখ আসলাম আলী তোতা, সাবির হোসেন মিকা, মহিউদ্দীন বাবু ও পুলিশ সিপাহী মোস্তাফিজুর আহত হয়। এসময় হামলাকারীরা ঠিকাদার আকবার আলীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জয়নাল আবেদীন নফরের বন্ধরু ইলেকট্রনিক্সের দোকানে ভাঙচুর করে। সংঘর্ষের সময় পুরো দর্শনা শহর রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেরু এ্যান্ড কোমপানি ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান জানান, ঘটনাটি চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। শহরে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।