মাগুরায় বুটিকের কারখানায় কাজ করে ৫শ’ নারী
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:০৯
মাগুরায় বুটিক ও হস্তশিল্প কারখানায় কাজ করে ৫ শতাধিক মহিলা শিল্পী বাঁচার পথ পেয়েছেন। ঈদ উপলক্ষে তাদের এক মুহূর্ত বসার সময় নেই। তারা শাড়ি, পাঞ্জাবী ও সালোয়ার-কামিজে, থ্রিপিসে চুমকি ও হাতের নকশা করে সুন্দর করে তুলছেন। মাগুরা বুটিক কারখানার পণ্যগুলো মাগুরা ছাড়ায়ও ঢাকার বড় বড় মার্কেট ও বিপনী বিতানগুলোতে বিক্রি হয়। জেলায় ১৫/১৬টি বুটিক কারখানা রয়েছে এই কারখানাগুলোতে প্রায় ৫ শতাধিক নারী কর্মরত রয়েছেন। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে। ঈদ উপলক্ষে তাদের কাজের চাপ বেড়েছে কয়েকগুণ। এখানে যারা কাজ করেন তারা সবাই নিম্নবিত্ত পরিবারের মহিলা। কিছুটা বাড়তি আয়ের আশায় তারা এখানে কাজ করে থাকেন। স্কুল-কলেজের ছাত্রীরা কারখানাগুলোতে কাজ করে তাদের পড়ার খরচ জোগাড় করে থাকেন। একজন মহিলা শ্রমিক দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করে থাকেন। তবে ঈদে কাজের চাপ বেড়ে যাওয়ায় তাদের আয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দৈনিক আয় করছেন। এবার ঈদে তরুণীরা হাতের কাজ করা থ্রিপিস পছন্দ করছেন।