পার্বতীপুর-লালমনিরহাট-ঠাকুরগাঁও রেল রুটের ডেম্যু ট্রেন অকেজো

পার্বতীপুর- লালমনিরহাট -ঠাকুরগাঁও এর মধ্যে চলাচলকারী ডেম্যু ট্রেন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পার্বতীপুর রেলওয়ে লোকোসেডে পড়ে রয়েছে। মাত্র একটি ডেম্যু ট্রেন দিয়ে পার্বতীপুর-লালমনিরহাট- ঠাকুরগাঁও এর মধ্যে এই সার্ভিস চালু রাখা হয়েছে। ফলে একটি ট্রেনের উপর অত্যধিক চাপ পড়েছে। প্রতিদিন একটিমাত্র ডেম্যু ট্রেন দিয়ে শত শত যাত্রী পরিবহন করা হচ্ছে। পার্বতীপুর- ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ডেম্যু ট্রেনে দুষ্কৃতকারী কর্তৃক পাথর ছুঁড়ে মারায় ট্রেনটির ইঞ্জিনের লুকিং গ্লাস ও বগির বিভিন্ন স্থানের গ্লাস ভেঙ্গে গেলে ১ মাস আগে ট্রেনটি মেরামতের জন্য পার্বতীপুর লোকোসেডে নিয়ে রাখা হয়। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে লোকোসেডের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী কমল কৃষ্ণ গোস্বামীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পার্বতীপুর- ঠাকুরগাঁও রুটে চলাচলের সময় একটি ডেম্যু ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসসহ ট্রেনের কয়েকটি গ্লাস ভেঙ্গে যাওয়াতে মেরামতের জন্য ট্রেনটি লোকোসেডে রাখা হয়েছে।