অবশেষে দেবীপুর গ্রামে বিদ্যুত্
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৩৯
অবশেষে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার দেবীপুর গ্রামের শতাধিক গ্রাহক গতকাল শনিবার ৮ দিন পর বিদ্যুত্ পেয়েছে। একই সঙ্গে ওভারলোডের কারণে বিস্ফোরিত ট্রান্সফরমারের ক্ষমতা ১৫ কেভি থেকে ৩৭ কেভিতে রূপান্তর করা হয়েছে।
গত ১৭ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘রাজশাহীর দুর্গাপুরের গ্রামে ৫ দিন যাবত্ বিদ্যুত্ নেই’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি রাজশাহী পল্লী বিদ্যুত্ সমিতির নজরে আসে। ১৮ জুলাই রাজশাহী পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার (জি.এম) প্রদীপ কুমার দে নিজে দুর্গাপুর পৌরসভার দেবীপুর গ্রামে ছুটে যান। তিনি ওই গ্রামের প্রতিটি বাড়ির গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণ করতে বলেন এবং শীঘ্রই বিদ্যুত্ সংযোগ দেয়ার আশ্বাস দেন। এরপর তিনি গ্রামের বিস্ফোরিত ১৫ কেভি ধারণ ক্ষমতার ট্রান্সফরমারটির পরিবর্তে ৩৭ কেভির ট্রান্সফরমারের সাহায্যে অবিলম্বে বিদ্যুত্ সংযোগ দেয়ার জন্য পল্লী বিদ্যুত্ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের কর্মকর্তাদের নির্দেশ দেন। এর পর গতকাল দেবীপুর গ্রামে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়।
ভুয়া এসিল্যান্ড আটক
রাজশাহীতে প্রতারণার অভিযোগে রাজিবুজ্জামান রাজিব (৩০) নামের এক ভুয়া এসিল্যান্ডকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দিনাজপুরের মুন্সিপাড়া এলাকার হামিদুল আহমেদের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, রাজিবুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিলেন। সমপ্রতি চাকরি দেয়ার নামে নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা শাহীনের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা আত্মসাত্ করেছেন এমন অভিযোগে তাকে আটক করা হয়।