দেল বস্কই সঠিক লোক: রেইনা

স্পেন গোলরক্ষক পেপে রেইনা মনে করেন বর্তমান কোচ ভিসেন্তে দেল বস্কই স্পেন জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি। দেল বস্ক কোচ থাকার ঘোষণা দেয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি এ মত দেন। স্পেন শিরোপাধারী হিসেবে ব্রাজিল বিশ্বকাপ শুরু করলেও বাজে খেলার কারণে প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন ফ্রান্সে ২০১৬ সালে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত কোচ হিসেবে তাকে রাখার সবুজ সংকেত দিয়েছে বলে গত শুক্রবার নিশ্চিত করেন দেল বস্ক। নেদারল্যান্ড ও চিলির কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে স্পেনের ছিটকে পড়লেও বর্তমান কোচকেই সমর্থন জানান ব্রাজিল বিশ্বকাপে স্পেন দলের সদস্য ও লিভারপুল গোলরক্ষক ৩১ বছর বয়সী রেইনা। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য রেইনা স্প্যানিশ রেডিও ওন্ডা কেরোকে বলেন, ‘এটা একটা শুভ সংবাদ। আমি সব সময়ই বলে আসছি এই মুহূর্তে স্পেন দলের কোচ হিসেবে সঠিক ব্যক্তি দেল বস্ক। সুতরাং অবশ্যই আমি আনন্দিত। আগামী সেপ্টেম্বর থেকে আমরা একত্রিত হয়ে কাজ শুরু করব। সুতরাং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য আমাদের একটি ভাল দল আছে।’ ধারে ইতালির নেপোলিতে এক বছর কাটানোর পর কয়েক দিনের মধ্যেই কোচ ব্রেন্ডন রজার্সের লিভারপুলে মৌসুমপূর্ব অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন রেইনা। স্প্যানিশ এ তারকাটি অবশ্য গত মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি।-বাসস