গার্ল সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে লন্ডন যাচ্ছেন আগামীকাল সোমবার। ওই দিন সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। মঙ্গলবার লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘গার্ল সামিট’ এ যোগ দিবেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে গতিশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ‘নারীর খত্না প্রতিরোধ এবং নারীর জোরপূর্বক ও বাল্যবিবাহ নির্মূল’-কে মূল প্রতিপাদ্য ধরে ব্রিটিশ সরকার এবং জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফ যৌথ উদ্যোগে এই গার্ল সামিট এর আয়োজন করেছে। গার্ল সামিট এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিবাহ ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে বাংলাদেশের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপসমূহ এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি ও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। গার্ল সামিট আয়োজনের উদ্দেশ্যে বলা হয়েছে, খত্না এবং জোর করে ও বাল্যবিয়ে নারীর অধিকার খর্ব করে ও তাদের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাল্যবিবাহ রোধে বিশ্বে ব্যাপক জনমত সৃষ্টি করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সামিটের কয়েকটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নিবেন। যার মধ্যে ওয়ালওয়ার্থ একাডেমীতে অনুষ্ঠিতব্য প্রশ্নোত্তর পর্বে বারকিনা ফাসো সানটাল কোম্পারোর ফার্স্ট লেডী এবং পাকিস্তানের বিখ্যাত শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই’র সাথে অংশগ্রহণ করবেন। এই পর্বের সঞ্চালনা করবেন ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক’র সঙ্গে গার্ল সামিট বিষয়ে মতবিনিময় এবং সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করবেন। পরে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার বিকেলেই যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে শরিক হবেন প্রধানমন্ত্রী। গত জানুয়ারিতে তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এটাই শেখ হাসিনার প্রথম যুক্তরাজ্য সফর। আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি।