গুলশানে ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

গুলশান এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়কালে গ্রেফতার হয়েছে আমিনুল ইসলাম নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তা। গত শুক্রবার রাতে গুলশান ৫০ নম্বর রোডের লেকপাড় থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গুলশান থানার ওসি জানান, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম তার দুই সহযোগীসহ লেকপাড় এলাকায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে কয়েকজনের দেহ তল্লাশির নামে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল। এ দৃশ্য দেখে জনৈক মহিলা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমিনুল ইসলামকে আটক করে। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল। তিনি আরও জানান, আটক করে থানায় আনার পর আমিনুল ইসলাম নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। কিন্তু এসময় তিনি কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কুটিবাড়ি। বাসা কদমতলী এলাকায় বলে জানিয়েছেন।