মরিসনের হ্যাটট্রিক
বড় জয়ে এখনো দ্বিতীয় আবাহনী
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৪৮
ওসেই মরিসনের হ্যাট্টিকে আবাহনী লিমিটেড ৫-২ গোলে গেলবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এখনো পেশাদার লিগে দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে।
আবাহনীর বাকি আছে একটি ম্যাচ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে আবাহনীর ঠিক পরেই রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পরবর্তী দুই খেলাতেই মুক্তিযোদ্ধা জিতলে এবং আবাহনী নিজেদের শেষ খেলায় হারলে উভয়ের পয়েন্ট দাঁড়াবে ৪৯। তখন গোল ব্যবধানেই নির্ধারিত হবে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের রানার্স আপ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ইতোমধ্যে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিয়েছে। তাই এখন চলছে লিগের রানার্স আপ ও অন্যান্য স্থানগুলোর লড়াই। গতকাল দিনের অপর খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে টিম বিজেএমসিকে হারিয়েছে।
মরিসন গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার লিগের খেলাটিতে ১০, ৩৮ ও ৬১ মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন। খেলার প্রথম মিনিটেই দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন মরিসন। অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সালের বাড়ানো বলে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন তিনি। শেখ রাসেলের দুই ডিফেন্ডারকে গতির লড়াইয়ে পরাজিতও করেন এ ঘানাইয়ান ফরোয়ার্ড। কিন্তু তার নেয়া শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। এরপর খেলার ১০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে মিশুর ক্রসে হেড দিয়ে গোলের সূচনা করেন মরিসন। সাত মিনিটের মধ্যেই মিডফিল্ডার শাকিল আহমেদের গোলে শেখ রাসেল সমতা ফেরালেও তা ধরে রাখতে পারেনি গতবারের ট্রেবল জয়ীরা। ২৩ মিনিটে পর্তুগীজ ফরোয়ার্ড সুয়ারেসের পাস থেকে বল পেয়ে গোলে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর বিদেশি খেলোয়াড় আউদু ইব্রাহিম। ৩৮ মিনিটে ডি বক্স থেকে নেওয়া আবাহনীর মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদের শট প্রথমে রুখে দেন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব। কিন্তু ফিরতি শটে মরিসনের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধান গড়ে বিরতিতে যায় আবাহনী।
বিরতির পর খেলতে নেমে ৫০ মিনিটে মরিসনের কাছ থেকে বল পেয়ে গোল করেন আবাহনীর শাহেদ। ৬১ মিনিটে হ্যাট্টিক পূর্ণ করেন মরিসন। ৮৮ মিনিটে মিডফিল্ডার সোহেলা রানার সুবাদে ব্যবধান কমায় শেখ রাসেল।
এদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর খেলায় স্বাগতিক আবাহনী ১-০ গোলে টিম বিজেএমসিকে হারায়। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৭৭ মিনিটে আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন ওসমান। আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় এবারের চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি হবে উত্তর বারিধারা।