বিসিসিআই সভাপতিত্ব থেকে ‘মুক্ত’ গাভাস্কার
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৪৯
ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল সংক্রান্ত অংশের সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার নিজেই সুপ্রিম কোর্টের কাছে তার অবস্থান জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন। আইপিএল শেষ হয়ে যাওয়ায় তার ভূমিকাটা আর পরিষ্কার ছিল না। গাভাস্কারের এই প্রশ্নের জবাবে ভারতের সুপ্রিম কোর্ট সভাপতি পদ থেকে নিষ্কৃতি দিয়েছে গাভাস্কারকে। এই অব্যাহতির ফলে এখন ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে যে কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে আর বাধা নেই সাবেক এই অধিনায়কের।
২০১৪ আইপিএলের জন্য বিসিসিআইর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে গাভাস্কারকে নিয়োগ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বে গঠিত বেঞ্চ ১ জুন চলতি বছরের টুর্নামেন্ট শেষ হয়েছে উল্লেখ করে তাকে মুক্তি দেন। ২০১৪ আইপিএল শেষ হওয়ার পর বিসিসিআইতে তার ভূমিকা কি হবে উল্লেখ করে গাভাস্কার লিখিতভাবে কোর্টের কাছে জানতে চাওয়ার পর এ আদেশ দেয়া হয়।
২০১৩ আইপিএল নিয়ে বিসিসিআই প্রধান এন শ্রিনিবাসন এবং তার জামাতার বিপক্ষে দুর্নীতির অভিযোগ উঠলে গত মার্চে ভারতের সাবেক এ অধিনায়ককে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল দেশটির উচ্চ আদালত।—বাসস