গ্র্যান্ট ফ্লাওয়ারের নতুন চ্যালেঞ্জ

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার জানিয়েছেন দলটির দুর্বল ব্যাটিং লাইনআপের উন্নতি করাটাই হলো তার ‘চ্যালেঞ্জ’। গত শুক্রবার লাহোরে দায়িত্ব নেয়ার সময় এ কথা বলেন ৪৩ বছর বয়সী ফ্লাওয়ার। নিজের দেশ জিম্বাবুয়ের সাথে সাফল্যের সাথে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর গ্র্যান্ট দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিলেন। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ব্যর্থতার মধ্যে থাকা পাকিস্তান দলের উন্নতি ঘটানোই হবে তার মূল কাজ। সামপ্রতিক ব্যর্থতার মধ্যে উল্লে¬খযোগ্য হলো গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। এর মধ্যে তারা সিরিজটিতে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছিল। গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, ‘আমরা সবাই জানি খেলোয়াড়রা কতটা মেধাবী এবং আমি তাদের খুবই দামি বলে মনে করি। তবে হতে পারে কোন কোন সময় তারা তাদের মেধার বেশীর ভাগই প্রকাশ ঘটাতে পারেন না এবং আমি তাদের প্রশিক্ষণ দিতেই এখানে এসেছি।’ গত বছর পর্যন্ত ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করা জিম্বাবুয়ে ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের ছোট ভাই গ্র্যান্ট বলেন, দলের উন্নতি ঘটাতে পারবেন না মনে করলে তিনি দায়িত্বটি নিতেন না। তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে গ্র্যান্ট বলেন, ‘ভিন্ন একটি জায়গায় চ্যালেঞ্জ নিতে চেয়েছি বলেই আমার এখানে আসা।’ পাকিস্তান দলের নতুন প্রধান কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আগামী মাসে শুরু হতে যাওয়া শ্রীলংকা সফরের মধ্য দিয়েই তার কাজ শুরু হবে। জিম্বাবুয়ের হয়ে ৬৭ টেস্ট ও ২২১ ওয়ানডে খেলা ফ্লাওয়ার জানান, ব্যাটসম্যানদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি। এমনকি তাদের সমস্যা এবং কোন কোন জায়গাটায় কাজ করতে হবে সে সম্পর্কেও। পাকিস্তান ব্যাটিংয়ের আরেকটি সেরা দিক হলো তাদের স্বতঃস্ফূর্ততা। আমি কখনোই তাদের এই গুণপনায় বাধা হবো না। কাজেই ব্যাপারটা হতে যাচ্ছে কয়েকজন ব্যাটসম্যানকে একটু খানি ঘষা মাঝা করে দেয়া এবং তাদের আরো ধারাবাহিকতায় আনা।’ শ্রীলংকার বিপক্ষে আসন্ন সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। বাসস/এএফপি