মির্জাপুরে আইসিটি ট্রেনিং সেন্টার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৫৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদেশি অর্থায়নের পৌনে দুই কোটি টাকার আইসিটি ভবন নির্মাণ কাজে অনিয়ম হয়েছে।
উদ্বোধনের আগেই নির্মাণাধীন ভবনের ছাদ দিয়ে পড়ছে পানি। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা ভবন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ এনে গত ২৫ জুন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ব্যানবেইস, টাঙ্গাইল জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মির্জাপুর উপজেলা পরিষদের পাশে এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি দু’তলা আইসিটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় ব্যানবেইজের যৌথ উদ্যোগে ভবন নির্মাণের জন্য প্রথমে কোরিয়ান কোম্পানি এলএস ক্যাবল এন্ড সাসটেইম লিমিটেড কাজ নেন। এই প্রতিষ্ঠান আবার এক্সিম ঠিকাদার কোম্পানী কাজ করার জন্য সাব কন্ট্রাক দেন। এই সংস্থা কিছু কাজ করার পর পরবর্তীতে এক্সক্লুসিভ নামে অপর একটি ঠিকাদারকে কাজ দেন। এই ঠিকাদারী সংস্থা কাজ নিয়ে এতটাই নিম্নমান উপায়ে কাজ করছে যে, ভবন নির্মাণের উদ্বোধনের আগেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ছে। এ ব্যাপারে এক্সক্লুসিভ ঠিকাদার সংস্থার প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) সুদর্শন বিভিন্ন অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, শিক্ষা বিভাগের ব্যানবেইজ-এর পরিচালকের নির্দেশক্রমে কাজ করা হচ্ছে। কোন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে না বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা জানান, ভবন নির্মাণের দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে ভবনটি খুবই নিম্নমানের হচ্ছে।