শ্যামনগর নকিপুর পোস্ট অফিস ভবন ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২১:৫৬
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগর উপজেলা সদর নকিপুর পোস্ট অফিস ভবনটির দেয়াল ও ছাদে ফাটলসহ অনেক জায়গায় পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। যে কোন মুহূর্তে ছাদ ধসে দুর্ঘটনা ঘটতে পারে। ১৩ জন কর্মচারীর মধ্যে পোস্ট মাস্টারসহ পাঁচটি পদ দীর্ঘদিন শূন্য।
উপজেলা সদর নকিপুর পোস্ট অফিসে প্রতিদিন শত শত মানুষ চিঠিপত্র, টাকা প্রেরণসহ বিভিন্ন কাজে আসা-যাওয়া করে।
ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার প্রণব কুমার সরকার জানান, কর্মরত কর্মচারীরা ঝুঁকিপূর্ণ ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। বর্ষা মৌসুমের আগে ভবনটি মেরামত করা না হলে কাগজপত্র সংরক্ষণ করা অসুবিধা হবে। ভবনের দুরাবস্থার কথা জানিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
কালিগঞ্জ উপবিভাগ পোস্ট অফিসের পরিদর্শক শেখ রফিকুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলা নকিপুর পোস্ট অফিসের ঝুঁকিপূর্ণ ভবনের চিত্র তুলে ধরে পোস্ট মাস্টার জেনারেল বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।