অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মোবাইল কোর্টে কঠোর ব্যবস্থা
------ নৌ পরিবহন মন্ত্রী
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২২:২২
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। কিন্তু এ ক্ষেত্রে যারা বিঘ্ন সৃষ্টি করবে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাত্ক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল শনিবার মাওয়া ফেরিঘাট পরিদর্শনকালে এ কথা বলেন।
বর্ষা মৌসুম থাকায় নৌ পথে যথাযথ নিরাপত্তা ও অতিরিক্ত যাত্রী না চলাচলের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাওয়া-কাওড়াকান্দি রুটে লাইফ জ্যাকেট ছাড়া কোন স্পিডবোর্ট ছাড়তে দেয়া হবে না। এব্যাপারে তিনি সবরকম আইন যথাযথভাবে প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী পরে মাওয়া ফেরিঘাট শিমুলিয়া স্থানান্তর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আগামী দুই মাসের মধ্যে নতুন শিশুলিয় ঘাটে ‘মাওয়া ফেরি ঘাট’ স্থানান্তর সম্ভব হবে। পদ্মা সেতু কাজ শুরু হওয়ার কারণে ফেরি ঘাটটি স্থানান্তর করা হচ্ছে। মাওয়া-কাওড়াকান্দি ফেরি রুটে ঈদের আগে নতুন একটি ফেরি যুক্ত করার ঘোষণা দিয়ে নৌ মন্ত্রী বলেন, এই রুটে ১৮টি ফেরি সার্বক্ষণিক পারাপারে ব্যস্ত থাকবে। তাই এখানে ফেরির জন্য অন্তত মানুষের বিড়ম্বনার কোন সুযোগ থাকছে না। এই সময় মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।