আন্দোলনের নামে শান্তি নষ্ট করলে কঠোর ব্যবস্থা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২২:৫১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ঈদের পর আন্দোলনের নামে দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, ভেঙ্গে দেয়া হবে ষড়যন্ত্রকারীদের মাথা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘সমুদ্র বিজয়, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন হলো বাসে আগুন দেয়া, পবিত্র কুরআন শরীফ পোড়ানো ও মানুষ খুন করা। এর সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। তাই ঈদের পরে তাদের আন্দোলন সফল হবে না। তাছাড়া জনগণের শান্তি বিনষ্ট হওয়ার কাজ তো হতে দেয়া যায় না।
সাহারা খাতুন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, চলছে ব্যাপক উন্নয়নমূলক কাজ। এটা বিএনপির সহ্য হচ্ছে না। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে তা প্রতিহত করতে চেয়েছিল বিএনপি। এখন তারা বুঝতে পারছেন- নির্বাচনে অংশ না নিয়ে কত বড় ভুল করেছেন। বিএনপির প্রতি প্রশ্ন রেখে সাহারা খাতুন বলেন, কী আন্দোলন করবেন আপনারা? আপনারা জামায়াতকে নিয়ে চোরা-গোপ্তা হামলা চালাবেন? দেশের মানুষকে হত্যা করবেন? আমরা তা হতে দেবো না। বিএনপি নেত্রীর উদ্দেশে সাহারা খাতুন বলেন, দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে। ২০২১ সালের মধ্যেই ডিজিটাল বাংলাদেশ হবে।
ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম দাবি করে সাহারা খাতুন বলেন, যে দলের জন্ম হয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, তারা দেশকে কি দেবে? তারা এখন পর্যন্ত দেশকে কিছুই দিতে পারেনি। এদেশে এ পর্যন্ত যা অর্জন হয়েছে তার সবই আওয়ামী লীগ সরকারের দ্বারা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বর্তমান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের সহযোগিতা করতে হবে।
আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, আন্দোলনের নামে দেশের উন্নয়নে বাধা দিলে বিএনপিকে সমূলে উত্পাটন করা হবে। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।
সংগঠনের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রসিডিয়াম সদস্য এমদাদুল হক, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক কাজল, সংগঠনের নেতা জাহিদুল ইসলাম, নূরুজ্জামান ভুট্টু প্রমুখ।