গ্রেফতার হলেন নূর হোসেনের ক্যাশিয়ার

র্যাবের হাতে ধরা পড়েছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী ও ক্যাশিয়ার আলী মোহাম্মদ (৪৫)। গতকাল শনিবার সকালে র্যাব-১৪ একটি টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকা থেকে তাকে আটক করে। পরে সোপর্দ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে। এ নিয়ে সাত খুনের ঘটনায় গ্রেফতার হলেন র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৫ জন। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার ইন্সপেক্টর মামুনুর রশিদ মন্ডল জানিয়েছেন, গ্রেফতারকৃত আলী মোহাম্মদ নূর হোসেনের অন্যতম সহযোগী ও ক্যাশিয়ার। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকালই তাকে আখাউড়া থেকে নারায়ণগঞ্জে আনা হয়েছে। আজ রবিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। অপর একটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে আলী মোহাম্মদের নাম আসে। সাত খুনের ঘটনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। নূর হোসেনের যে ১১টি আগ্নেয়াস্ত্র ছিল তার একটি বহন করতেন আলী মোহাম্মদ। তিনি মূলত নূর হোসেনের দখলবাজিটাই তদারকি করতেন। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান। পুলিশ বিভিন্ন জাগয়ায় অভিযান চালালেও তার হদিস পাওয়া যাচ্ছিল না। সম্ভবত দেশ ত্যাগ করার উদ্দেশে আলী মোহাম্মদ আখাউড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। র্যারের মাদক বিরোধী অভিযানকালে তিনি আটক হন। র্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, র্যাব-১৪ এর একটি টিম আখাউড়া এলাকায় একটি অভিযান চালায়। ওই অভিযানকালে আলী মোহাম্মদ অন্যদের সঙ্গে আটক হন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নূর হোসেনের সহযোগী। এরপর তাকে সোপর্দ করা হয় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে। নূর হোসেনের ক্যাশিয়ার আলী মোহাম্মদ গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলার নিহত নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম। তিনি জানান, আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে আরও অনেক অজানা তথ্য। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলার তদন্ত নিয়ে আমাদের কোন প্রশ্ন নেই। এখন একটাই দাবি, নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। গত ১৪ জুন রাতে কলকাতার কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নূর হোসেন ও তার দুইসহযোগী। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে দুই দফায় হাজির করা হয়। আগামীকাল ২১ জুলাই তাকে আবার আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার (২১ জুলাই) নূর হোসেনকে আবারও আদালতে হাজির করা হচ্ছে। আশা করা যায় এ হাজিরার পরই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে।