বাংলাদেশের রাষ্ট্রদূতকে বৈরুত ছাড়ার নির্দেশ

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারকে বৈরুত ছাড়ার নির্দেশ দিয়েছে ওই দেশের সরকার। তবে বাংলাদেশ সরকার আগেই তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আসার নির্দেশ দেয়। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গাউসুল আজমের বিরুদ্ধে দূতাবাসে এক বাংলাদেশিকে আটক রাখা এবং অপর একজন বাংলাদেশিকে অপহরণ করার অভিযোগ আনা হয়। তদন্তে অভিযোগও প্রমাণিত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুতের গণমাধ্যম এ খবর প্রকাশ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই গাউসুল আজমকে ২৪ ঘণ্টার মধ্যে বৈরুত ছাড়ার নির্দেশ দেয়া হয়। এরপর তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের মহাপরিচালক নজরুল ইসলাম বৈরুত পৌঁছেছেন। বহিষ্কার করার আগে গাউসুল আজমকে মৌখিকভাবে সতর্ক করেছিল লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈরুতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে তিনি স্টকহোমে দায়িত্ব পালন করেন। নানা সমালোচনার পর তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে।