পদ্মা সেতু নির্মাণ

কাজ পাওয়া কোম্পানির ঠিকানা খুঁজে পাওয়া যায় না :ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতুর কাজ এমন এক কোম্পানিকে দেয়া হয়েছে যাদের ঠিকানা খুঁজে পাওয়া যায় না। বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু করলে লুটপাটের বেশি সুযোগ পাওয়া যাবে না। তাই তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার নয়াপল্টনে হোটেল ভিক্টরিতে হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ট্রাস্টের কেন্দ ীয় বর্ধিত সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির ঢাকা মহানগর নতুন আহ্বায়ক কমিটি সংগঠনকে শক্তিশালী করে নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী খান সোহেল দুই জনই পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাদের নেতৃত্বে বিএনপি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। নতুন কমিটি চলমান সংকট কাটিয়ে উঠতে আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে পর্যায়ক্রমে গণতন্ত্রকে আঘাত করা হয়েছে। গণতন্ত্র নসাত্ করে দিয়ে ব্যক্তিগত ও দলীয় ক্ষমতা পাকাপোক্ত করতে সংবিধান সংশোধন করা হয়েছে। দেশে গণতন্ত্র নেই বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘গণতন্ত্রের চর্চা থাকলে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এক সময় আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও তারাই গণতন্ত্র ধ্বংস করেছে। ক্ষমতাসীনদের শাসনামলে সংখ্যালঘু জনগণের ওপর সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বৈশিষ্ট্য হচ্ছে- গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার ধোঁয়াশা তুলে কাজ হাসিল করা। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, বিএনপির সহ-দপ্তর সম্পাদক জয়ন্ত কুমার, দীপেন দেওয়ান, অ্যাডভোকেট জন গোমেজ, কেন্দ্রীয় সদস্য অপর্ণা রায়, কল্যাণ ফ্রন্ট নেতা প্রিন্সিপাল সুকোমল বড়ুয়া, অ্যালবার্ট পি কস্তা অমলেন্দু দাশ অপু প্রমুখ।