দায়িত্বে অবহেলার কারণে প্রকৌশলীকে সাসপেন্ড করলেন যোগাযোগমন্ত্রী

দায়িত্বে অবহেলার কারণে হেমায়েতপুর-আশুলিয়া সিংগাইর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম খানকে সাসপেন্ড করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের ভূমদক্ষিণ, কিটিংচর ও আজিমপুর ব্রিজ নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে মন্ত্রী তাকে সাসপেন্ড করেন। এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফেসবুক, মিডিয়া ও জনগণের টেলিফোনের মাধ্যমে অনেক দুর্ভোগের কথা জানতে পাই। যা সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের অবগত হওরার কথা। কতিপয় প্রকৌশলী সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করেন না। তারা ফাঁকিবাজিতে ব্যস্ত। ইতিমধ্যে দায়িত্বে অবহেলার কারণে সাভার আশুলিয়ার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে প্রত্যাহার করে মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের ভূমদক্ষিণ, কিটিংচর ও আজিমপুর ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিভিন্ন অনিয়ম এবং মন্থর গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। অন্যথায় তার কার্যাদেশ বাতিলসহ লাইসেন্স ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরো বলেন, ইতিমধ্যেই দেশের ৮৫ ভাগ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ ঈদের আগেই শেষ হবে এবং জনসাধারণ অতি সহজেই যাতায়াত করতে পারবেন। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক সম্প্রসারণ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, এ সড়কটি ডাবল লেন করার কাজের পরিকল্পনা প্রধানমন্ত্রীর দপ্তরে প্রক্রিয়াধীন। তবে বেশি সময় লাগলে আমার দপ্তর থেকে দ্রুত সড়কটির উভয় পাশে ৩ ফুট করে ৬ ফুট রাস্তা প্রশস্ত করা হবে।