কক্সবাজারে ১০ পুলিশ সাময়িক বরখাস্ত তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ১৯ জুলাই ২০১৪, ২৩:০০
কক্সবাজারে পুলিশের গুলিতে ১০ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শুক্রবারের ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুর রহমান হাকিমকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।
জেলা প্রশাসক মো. রহুল আমিন জানান, তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবারের ঘটনার বিষয়ে গতকাল ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সাথে পুলিশ প্রশাসনের ‘সমঝোতা’ বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ দশ পুলিশ সদস্যকে সাসপেন্ড করার তথ্য নিশ্চিত করেন। তবে তিনি তাদের নাম প্রকাশ করতে অপারগতা জানান।