সাইদা মুনা:থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত

সরকার পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনীমকে থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ ঘোষণা করে। তিনি থাইল্যান্ডে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। কাজী ইমতিয়াজকে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ ঘোষণা করেছে সরকার। সাইদা মুনা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাদার কূটনীতিক মুনা বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন ক্যাপাসিটিতে কর্মরত ছিলেন। সাইদা মুনা তাসনীম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জননী।