দুর্গাপুরে অবৈধ বালু তোলার প্রতিবাদে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২০:৫০
নেত্রকোনা দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের সুসঙ্গ মহারাজদের ঐতিহ্যবাহী কমলারানীর দিঘীর পাড় সোমেশ্বরী নদীর বাঁধ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিরিশিরি ইউনিয়নবাসীর আয়োজনে অত্র ইউনিয়নের আদিবাসীসহ সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রবিবার। মানববন্ধন চলাকালে আলোচনা করেন আদিবাসী নেতা স্বপন হাজং, রবিন্দ্র দাস, মিরাজ আলী মেম্বার, আদিবাসী নেতা প্রনুয়েল রাংসা, জয়া সাংমা, ব্রজেন রেমা, প্রনিতা রাংসা, মন্জুরুল হক, রিপন কর্মকারসহ এলাকাবাসী। বক্তারা বলেন, মহারাজদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কমলারানীর দিঘীর পাড় সোমেশ্বরী নদীর বাঁধ বিনষ্ট করে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে এলাকার শত শত একর ফসলী জমি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ ঘরবাড়ি সুমেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।