লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি সংকট আটকা পড়েছে শত শত যানবাহন
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২০:৫১
লক্ষ্মীপুরের ফেরিঘাট থেকে কনকচাঁপা ফেরিটি মাওয়া-কাওড়াকান্দি ঘাটে স্থানান্তর করায় লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ঈদে যানবাহন পারাপারে ফেরি সংকট দেখা দিয়েছে।
আর প্রতিদিনই মেঘনা নদীর এই রুটে আটকা পড়ছে যাত্রীবাহী বাস-মালবাহী ট্রাকসহ শত শত যানবাহন। এতে ভোগান্তির শিকার এ রুটে চলাচলকারী দক্ষিণ অঞ্চলের ১৬টি জেলার যাত্রী, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহন মালিকরা। গত বৃহস্পতিবার রাত থেকে উভয় ঘাটে আটকাপড়া গাড়ির সংখ্যা বাড়তে থাকে। শনিবার রাতে লক্ষ্মীপুর-ভোলা রুটের লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে।
গতকাল রবিবার বিকেল পর্যন্ত আরো বহু যানবাহন আটকা পড়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ রুটে কনকচাঁপা, কিষাণি ও কস্তুরি নামে তিনটি ফেরি চালু ছিল। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ জুলাই কর্তৃপক্ষ কনকচাঁপা ফেরিটিকে মাওয়া-কাওড়াকান্দি ঘাটে স্থানান্তর করে। স্থানান্তরের প্রথম দিকে গাড়ি পারাপারে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু ঈদ ঘনিয়ে আসায় গাড়ির বাড়তি চাপে যানজট সৃষ্টি হচ্ছে। বিআইডব্লিউটিএ লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট লঞ্চঘাট টার্মিনাল সহকারী মো. কামরুল ইসলাম জানান, ঈদকে ঘিরে যানবাহনের চাপ বেশি। তবে কনকচাঁপা ফেরিটি থাকলে এমনটি হতো না। তবে অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।