প্লেব্যাকের জন্য অ্যালবাম এখন মূল বিষয় না

ইমন সাহা। এদেশের সংগীতাঙ্গনে হাতে গোনা দু-একজন পারিবারিকভাবে এসেছেন এই জগতে। তার ভেতরে নিজের মেধাগুণেই স্বতন্ত্র এক অবস্থান তৈরি করেছেন সংগীত পরিচালনায়। বিনোদন প্রতিদিনের সাথে নিজের ক্যারিয়ার ও এখনকার তরুণদের সংগীত চর্চা নিয়ে কথা বললেন। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু ঈদে আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে বলুন। ব্যস্ততা অনেক ছবি নিয়েই। তবে ঈদে দুটি ছবি মুক্তি পাচ্ছে। সাফি উদ্দিন সাফির ‘হানিমুন’ ছবিটি মুক্তি পাচ্ছে। আর মুক্তি পাচ্ছে ‘মোস্ট ওয়েলকাম টু’। এছাড়াও কয়েকটি ঈদের নাটকে গান করেছি। তবে এবার কোনো টিভি অনুষ্ঠান করতে পারিনি। কাজের এত চাপ যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়নি। এই ঈদে একটি নাটকে কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন? আসলে ঠিক তেমন অভিনয় না। আমি এখানে ইমন সাহা চরিত্রেই ছিলাম। মুরাদ পারভেজের পরিচালনায় একটি নাটকে রেডিও টুডেতে একটি সাক্ষাত্কার দিতে যাই। নাটকের গল্পের এমনই এক অংশে আছি আমি। ঈদে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে। আমি ছোটবেলায় অভিনয় করতাম। মাঝে অনেকদিন করা হয়নি। প্রায় ১৫ বছর পর আবারও অভিনয় করলাম। আগে ছবিতে গান গাইতে একজন শিল্পীকে অনেক অপেক্ষা আর চর্চা করে আসতে হতো, কিন্তু আজকের নতুনরা একটি মিক্সড অ্যালবামে গান করেই প্লে-ব্যাক করছে, ব্যাপারটা কীভাবে দেখছেন? আসলে এর মূল কথা হচ্ছে যেই সংগীতপরিচালক যেই শিল্পীকে দিয়ে গান করাচ্ছে সে তার শতভাগটা পাচ্ছে কি না। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর আগে প্রযুক্তির ছোঁয়া থেকে অনেক পিছিয়ে ছিল। একটা গান লাইভ গাইতে হতো। তাই চর্চার জন্য সময়ের প্রয়োজন হতো। এখন তো প্রযুক্তি অনেক এগিয়েছে। তাই হয়তো সেই চর্চাটা প্রয়োজন হয় না। কিন্তু নতুনদের মাঝে আমি খুব একটা কমতি পাই না। তারা বেশ পরিশ্রমী। প্লেব্যাকের জন্য অ্যালবাম এখন মূল বিষয় না। কণ্ঠটা কতটা শাণিত সেটাই মূল বিষয়। সেই জায়গায় ঠিক থাকলে নতুনরা আসতেই পারে। এখনকার কণ্ঠশিল্পীরা প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে কতটা পরিচিত হতে পারছে? সবাই তো শুধু প্লে-ব্যাকই করে না। এর পাশাপাশি অ্যালবাম সবাই করে। এটা স্বাভাবিক। তবে প্লে-ব্যাক সিঙ্গার বলতে যেমন আমরা চিনি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরসহ আরও অনেককে, সেই পরিচিতির জায়গাটা এখনকার শিল্পীদের মাঝে তৈরি হচ্ছে। যেমন আমি বলব ন্যান্সির কথা, এছাড়া কনা, রন্টিসহ অনেক শিল্পী আছে যারা ছবিতে নিয়মিত গান করছেন। এবং তারা ভালো করছেন। সামনের ব্যস্ততা? ব্যস্ততা অনেক প্রায় ১৫টি ছবির কাজ করছি। এছাড়া কয়েকটি ছবি ঈদের পরে মুক্তি পাচ্ছে এর মধ্যে ‘বৃহন্নলা’ ছবিটি রয়েছে। এছাড়াও আরও কয়েকটি ছবি হচ্ছে—‘অনেক সাধের ময়না’, ‘অল্প অল্প প্রেমের গল্প’, সালাউদ্দিন লাভলুর একটি ছবিতে গান করব ও এসএ হক অলিকের নতুন ছবিতে কাজ করব।