সাংবাদিকদের ক্যামেরায় নিষিদ্ধ এখন সালমান খান!

সালমানের দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা চলে পুরো ৩০ মিনিট ধরে। এক পর্যায়ে সাংবাদিকদের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলেন দেহরক্ষীরা। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সিদ্ধান্ত নেন সালমানকে বয়কট করার। তবে অনুষ্ঠানের আয়োজকদের দাবি, সাংবাদিকদের ছবি তোলার জন্য অনুষ্ঠান শুরু করতে অনেক দেরি হওয়ায় বিরক্ত হয়েছিলেন সালমান। বয়কটের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে টুইটারে বিদ্রুপ করেন ‘কিক’ তারকা। তিনি লিখেছিলেন, ‘আমাকে বয়কট করলে তোমাদের চাকরি থাকবে না।’ সালমানের এ ধরনের মন্তব্য মোটেও সহজভাবে নিতে পারেনি চিত্র সাংবাদিকরা। এরপর সালমানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নেয় বোম্বে নিউজ ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (বিএনপিএ)। সংগঠনটির তরফ থেকে বিবৃতিতে বলা হয়, ‘এখন থেকে যেকোনো অনুষ্ঠানে সালমান খানের ছবি না তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিএ। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি এই অভিনেতার বিরূপ আচরণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে যেকোনো অনুষ্ঠানে অন্যদের ছবি তোলা হলেও সালমানের ছবি তুলবেন না সাংবাদিকরা।’