১৬ আগস্ট থেকে স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোত্সব

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী আগামী ১৮ আগস্ট। এ উপলক্ষে সেলিম আল দীন এবং তাঁর শিল্প-ঐতিহ্যের ধারক প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন স্বপ্নদল আগামী ১৬ আগস্ট থেকে ঢাকা ও ময়মনসিংহে পাঁচদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব—২০১৪’ আয়োজনের পরিকল্পনা নিয়েছে। উত্সবের উদ্বোধনী, দ্বিতীয় এবং সমাপনী দিবসের অনুষ্ঠানমালা ঢাকা শিল্পকলা একাডেমীতে এবং তৃতীয় ও চতুর্থ দিবসের অনুষ্ঠানমালা ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। সেলিম আল দীনের শিল্পদর্শন তথা হাজার বছরের ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি বিষয়ক সচেতনতা রাজধানীর পাশাপাশি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এবারের উত্সব একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে। ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব—২০১৪’-এর সম্ভাব্য কর্মসূচিতে থাকছে—সেলিম আল দীন কৃত ‘হরগজ’ (স্বপ্নদল), ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ (স্বপ্নদল), ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল), ‘যৈবতী কন্যার মন’ (জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি) প্রভৃতি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন, ‘চর্যাগানের দল’ (সখিপুর, টাঙ্গাইল)।