ইসরাইলী হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:২৬
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বাদ যোহরের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলার শাখার উদ্যোগে শহরের চকবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন। বক্তব্য রাখেন, মাওলানা দেলোয়ার হোসেন, মুহাম্মদ মহসিন, মাওঃ জহির উদ্দিন, নোমান সিরাজী, আলাউদ্দিন খান, মাওঃ মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
ঝিনাইদহ
ঝিনাইদহে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পায়রা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্র ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই হত্যাকাণ্ড বন্ধ করার দাবিও করা হয়।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশ্ব মানবতার শত্রু মার্কিনের মদদপুষ্ট ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রূখে দাঁড়ানোর আহবান জানান। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ নাজমুল চত্বরের ২নং খলিফাপট্টিতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর জেলা সভাপতি প্রকৌশলী কামরুল ইসলাম লাভলু, বাসদের জেলা আহবায়ক নব কুমার কর্মকার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার উদীচী সংগঠক শফিকুল ইসলাম শফি, চারণ সংগঠক সবুজ আহম্মেদ, বিপুল রাহা, উদীচী কর্মী তপু সিরাজী, অলক সাহা প্রমুখ।
ওসমানীনগর (সিলেট)
সিলেটের ওসমানীনগর উপজেলায় জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালা বাজারে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: আবুল বাশার। সাধারণ সম্পাদক মাও: মোতাসিম বিল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিছ হযরত মাও: শাহ মমশাদ আহমদ।
বক্তব্য রাখেন মাও:আব্দুল মতিন গজনবী, প্রিন্সিপাল মাও: লুত্ফুর রহমান, হাফেজ মাও ইমদাদুল হক, মাও: মুফতি জয়নাল আবেদিন, মাও: সাইফউদ্দিন মাজনুনন, মাও: মঈন উদ্দিন, মাও: মাহবুব আহমদ, মাও: আব্দুর রব কাশেমি, সমাজসেবী সামছুল ইসলাম, মাও: মকবুল আহমদ, মাও: আব্দুল অদুদ, আজিম উল্যা, হাফেজ নরুল হক প্রমুখ।
পটিয়া (চট্টগ্রাম)
সুন্নী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় বক্তব্য রাখেন, সুন্নী আন্দোলন কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা ইলিয়াছ শাহ, মাওলানা মোরশেদুল আলম খোরশেদ, আবদুল বারেক, মাওলানা নজিবুল কবির রাহাবির, উপজেলা শাখার নেতা হাফেজ মাওলানা ফরিদুল আলম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দীন, আবুল কালাম, ওবাইদুল হক, গোলাম সরওয়ার প্রমুখ।