গঙ্গাচড়ায় ম্লান হতে চলেছে হাজারো শিক্ষক কর্মচারীর ঈদ আনন্দ

রংপুরের গঙ্গাচড়ায় ৬০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী পরিবারের ঈদ আনন্দ মাটি হতে বসেছে। শিক্ষকরা জানান, রমজান মাসে খরচ অনেক বেশি। বাড়তি খরচের বোঝা চালাতে তারা হিমশিম খাচ্ছে। এদিকে সরকার জুন মাসের বেতন-ভাতা ও উত্সব বোনাস উত্তোলনের দিন ২৪ জুন ধার্য করলেও ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য ঔদিন বেতন-ভাতা উত্তোলন করা সম্ভব হবে না বলে আশংকা করছেন শিক্ষকরা। পরের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ। মধ্যখানে ২৭ জুলাই রবিবার অফিস খোলা থাকলেও বেতন-ভাতা হওয়ার ভরসা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা। তারপর থেকে ঈদের ছুটি শুরু। এরকম আশংকার মধ্য শিক্ষক-কর্মচারীরা হতাশ। শিক্ষকরা আক্ষেপ করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেখানে জুন-জুলাই মাসের বেতন ও ঈদের বোনাস তুলে পরিবার-পরিজন নিয়ে ঈদ-আনন্দে আত্মহারা। সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে উত্কণ্ঠায় রয়েছেন।