দেশের রেল যোগাযোগে গতি আসছে :রেলমন্ত্রী
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:২৯
অচিরেই দেশের রেল যোগাযোগে গতি আসছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, রেলওয়ের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা নিয়েছে এ পরিকল্পনার আওতায় ৪৬টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের রেলযোগাযোগ আরো গতি আসবে। মন্ত্রী বলেন, রেলের নতুন ১২০টি বগি আমদানির প্রক্রিয়া শেষ পর্যায়ে। এরপর ১৫০টি বগির জন্য টেন্ডার আহবান করা হয়েছে। আরো ৭০টি রেলের ইঞ্জিন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। শনিবার দুপুরে রাজশাহী রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিয়মকালে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।