সরাইলে সংঘর্ষ ওসিসহ আহত অর্ধ শতাধিক
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:২৯
গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সিএনজি অটোরিক্সার সিরিয়ালকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর সংঘর্ষে ওসি, ৭ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধ-শতাধিক আহত হয়েছে। এসময় পুলিশ অর্ধ-শতাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালকে কেন্দ্র করে চেয়ারম্যান গোষ্ঠীর চালক রুক্কু মিয়া ও আশ্রাফ আলীর গোষ্ঠীর চালক লিটন মিয়ার মধ্যে তর্ক-বির্তক হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অর্ধ-শতাধিক রাউন্ড টিয়ার সেল ও শর্ট গানের গুলি ছুঁড়ে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ১০/১২টি দোকানপাট ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা।