নীলফামারীতে আজ থেকে পরিবহন ধর্মঘট
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:৩০
আজ সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট আহ্বান করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুলিশ সংগঠনের সদস্য ও নাবিল পরিবহনের চালক মো. আনোয়ারুল ইসলামকে গুলি করে গুরুতর জখম করার প্রতিবাদে এই ধর্মঘট আহবান করা হয়। গত ১৮ জুলাই সংগঠনের কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আখতার হোসেন বাদল লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন। এসময় নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সহ-সম্পাদক মোফাজ্জল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক লেবু মিয়া, দপ্তর সম্পাদক এফাজ সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাবিল পরিবহনের চালককে হ্যান্ডকাপ লাগিয়ে দুই পায়ে গুলি করার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সাথে মির্জাপুর থানার অফিসার ইনচার্জসহ ৪ পুলিশকে চিহ্নিত করে তাদের অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।