দেশের ভাবমূর্তি রক্ষায় রাষ্ট্রদূত গাউসুলকে ফেরত আনা হচ্ছে

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষা এবং জাতীয় স্বার্থে দূতাবাসের শৃঙ্খলা ফিরিয়ে আনতে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারকে দেশে ফেরত আনা হচ্ছে। রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। প্রসঙ্গত, বৈরুতে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগে গাউসুল আজম সরকারকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী বলেন, গাউসুল ফিরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেয়া হবে। গাউসুলের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা কঠোর মনে হলেও এটি প্রয়োজন ছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে আমাদের প্রচুর শ্রমিক রয়েছেন এবং সেখানে শান্তি রক্ষা মিশনে আমাদের নৌবাহিনী দায়িত্ব পালন করছে। এ কারণে লেবানন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি এ সিদ্ধান্তের ফলে লেবানন দূতাবাসে শৃঙ্খলা ফিরে আসবে।