‘সুয়ারেজই সেরা স্ট্রাইকার’

ফরাসি তারকা থিয়েরি অঁরি মনে করেন বার্সেলোনায় নবাগত লুই সুয়ারেজই হলেন বিশ্ব ফুটবলে সেরা স্ট্রাইকার। আর্সেনালের সাবেক এই অধিনায়ক গোলদক্ষতায় এমনকি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চাইতেও এগিয়ে রাখেন উরুগুয়ে স্ট্রাইকারটিকে। তবে স্প্যানিশ ফুটবলে মেসি ও রোনালদোর তুলনামূলক বিচারে আর্জেন্টাইনটিকেই এগিয়ে রাখেন। বার্সেলোনা সম্প্রতি সাড়ে সাত কোটি পাউন্ডে সুয়ারেজকে দলে ভেড়ায়। যদিও বিশ্বকাপে ইতালির জর্জিও চিয়েলিনিকে কামড় দেয়ার কারণে সুয়ারেজ বর্তমানে চার মাসের নিষেধাজ্ঞার মধ্যে আছেন। এই নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড়টিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের কাছে পরিচয়ও করিয়ে দিতে পারেনি। কেননা ফিফা তাতে বাদ সেধেছিল। তবে সুয়ারেজ এখন বার্সেলোনাতেই আছেন এবং স্ত্রীকে নিয়ে সেখানকার জীবন যাত্রার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এত কিছুর পরও অরি মনে করেন সাবেক লিভারপুল স্ট্রাইকারকে এ অর্থ দিয়ে কেনাটা যুক্তিযুক্ত হয়েছে। অরি ইংলিশ ফুটবলার রিও ফার্ডিন্যান্ড এর নাম্বার ফাইভ সাময়িকীকে দেয়া সাক্ষাত্কারে এসব কথা বলেন। তার মতে,‘আমাদের যদি স্ট্রাইকারদের নিয়ে আলোচনা করতে হয়, যে কোন জায়গা থেকে গোল করার দক্ষতার ব্যাপারে কথা বলতে হয়, তাহলে আমি বলবো লুই সুয়ারেজই হলো বিশ্ব সেরা।’ তিনি আরো বলেন, ‘কোন দিক থেকেই পিছিয়ে নেই সে। সে একটু মেজাজী বটে। তবে সেটা তার দক্ষতাকে আরো বাড়িয়ে তুলেছে। সে ভলি করতে জানে। হেড করতেও দারুণ দক্ষ সে। তার খেলার ধরনে ভীতিকর সুন্দর একটা ব্যাপার আছে। এটাকে আমি কোনভাবেই নেতিবাচক কিছু ভাবতে রাজি নই।’ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের উদাহরণ টেনে আর্সেন ওয়েঙ্গারের প্রিয় এই শিষ্য বলেন, ‘সে জানে কিভাবে সামান্য সুযোগটুকুও কাজে লাগাতে হয়। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই দেখেছি। তারা (ইংল্যান্ড) তাকে মাত্র দুটি সুযোগ দিয়েছে এবং দুটিকেই গোলে পরিণত করেছে সে।’ মেসি এবং রোনালদোকে নিয়েও কথা বলেন এক সময়ে বার্সেলোনায় খেলা ফরাসি এই ফুটবলারটি। চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদোর কাছে ব্যালন ডি অর শিরোপা হারান ন্যু ক্যাম্প তারকা মেসি। কিন্তু বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঠিকই তিনি ফাইনালে পৌঁছে দেন এবং নিজের নৈপুণ্যের সুবাদে পান গোল্ডেন বল। ২০১০ সালে নিউ ইয়র্ক রেড বুলসে যোগ দেবার আগে মেসির বার্সা সতীর্থ বলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তবে আমি রোনালদো খেলাটিতে নিজেকে ঢেলে দেয় সে ব্যাপারেও আমার শ্রদ্ধা আছে। কিন্তু মেসি তার খেয়ালমতো খেলেন। এখানে দু'জনের মধ্যে পার্থক্য হলো একজন তার স্বাভাবিক প্রতিভা দিয়ে খেলেন। অন্যজন এর জন্য কঠোর পরিশ্রম করেন। ফরাসি স্ট্রাইকার লুইস সাহা আমাকে প্রায়ই বলতো ম্যানচেস্টার ইউনাইটেডে সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় ছিল সে (রোনালদো)। তাই বলে আমি বলছি না যে মেসি পরিশ্রম করেন না, কিন্তু তার প্রতিভাটা ভিতর থেকেই আসা। শীর্ষে ওঠার জন্য রোনালদোকে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করতে হয়েছিল। নইলে দুজনের মানসিকতা একই ধরনের।’ মেইলঅনলাইন/বাসস