শীঘ্রই ফিরছেন ওয়ালকট

হাঁটুর অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠতে থাকা ইংল্যান্ড উইঙ্গার থিও ওয়ালকট আগস্ট মাসে অনুশীলনে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। আর্সেনাল কোচ আর্সেনে ওয়েঙ্গার এ কথা জানিয়েছেন। এফএ কাপ ফাইনালে টটেনহামের বিপক্ষে জয়ী ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় গত জানুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন ওয়ালকট। হাঁটুর ছিঁড়ে যাওয়া লিগামেন্টে অস্ত্রোপচার করায় বিশ্বকাপও মিস করতে হয়েছে ওয়ালকটকে। আর্সেনালের মৌসুম-পূর্ব অনুশীলনে একাকি হালকাভাবে কিছুটা কাজ শুরু করেছেন এই ইংলিশ। সমপ্রতি প্রথম সন্তানের পিতা হওয়া ২৫ বছর বয়সী এ তারকা খেলোয়াড় আগামী মৌসুম শুরু হওয়ার পর পরই খেলায় ফিরতে পারবেন বলে আশা করছেন ওয়েঙ্গার। আর্সেনালের নিজস্ব ওয়েবসাইটে ওয়েঙ্গার বলেন, ‘বেশ ভালভাবে তার উন্নতি হচ্ছে। গত পুরো মৌসুমেই সে কঠোর পরিশ্রম করেছে এবং আগস্টের শেষদিকে তাকে আমরা পুরোপুরি অনুশীলনে পাব বলে আশা করছি।’-বাসস