বৈষম্যের অবসান চাই

আমরা মাঠ পর্যায়ের স্টেনো টাইপিস্ট কাম কমপিউটার অপারেটর। আমাদের কর্মস্থল সচিবালয়ের বাইরে। আমরা একই যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে চাকরিতে প্রবেশ করলেও সচিবালয়ে যাঁরা চাকরি করেন তাঁদের থেকে সুযোগ-সুবিধায় আমরা অনেক পিছিয়ে। এক ঘোষণায় তাঁরা ৫২০০ টাকা বেতনস্কেল থেকে উন্নীত হয়ে ৬৪০০ টাকায় পৌঁছে গিয়েছেন। তাঁদের রয়েছে পদোন্নতির সুবিধা। তাঁরা ধারাবাহিকভাবে ৫ বছর চাকরি করে কোনো রকম তদবির ছাড়াই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। আর আমাদের জীবনের সবটুকু সময়ই এক চেয়ারে বসে পার করতে হয়। এই বৈষম্য কেন? সচিবালয়ে বিকাল পাঁচটার পর অফিস করতে হয় না। আর আমাদের শুক্রবার শনিবার তো দূরে থাক কর্মদিবসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা বা রাত নয়টা পর্যন্ত, কোনো কোনো দিন অফিসেই চিড়া-মুড়ি খেয়ে রাত্রিযাপন করতে হয়। আমরা যারা ডিসি অফিস বা ইউএনও অফিসে কর্মরত আছি তাদের জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে হচ্ছে, উপজেলা নির্বাচনে ভূমিকা রাখতে হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভূমিকা রাখতে হচ্ছে, মুক্তিযোদ্ধা নির্বাচন বা অন্যান্য নির্বাচনে ভূমিকা রাখতে হচ্ছে। তাছাড়া ১৭ মার্চ, ১৫ আগস্ট, ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ— এই দিবসগুলো যথাযথভাবে পালন করতে গিয়ে কর্মস্থলে রাত্রিযাপন বাধ্যতামূলক। তাছাড়া বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের এগিয়ে আসতে হয়। সচিবালয়ে একই কর্মস্থলের বিভিন্ন শাখায় বদলি করা হয়। আর আমাদের যখন যেখানেই বদলি করা হয় আমরা সেখানেই কাজ করি। এ অবস্থায়, আমাদের বেতন বৈষম্যের অবসান ঘটাতে ঊর্ধ্বতন মহলের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক