জিয়ানগরে প্রশিকা কর্মী খুন

জেলার জিয়ানগরে এক এনজিও কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাটের উমেদপুর গ্রামের নিকুঞ্জ তালুকদারের বাড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার মাঠ কর্মী বিধান চন্দ্র রায়কে (৪২) প্রচণ্ড প্রহার করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় খুলনা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। প্রশিকার ক্ষুদ্র ঋণদান কর্মসূচির সঞ্চয়ের অর্থ নিয়ে নাকি, নারী ঘটিত ঘটনা এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রশিকার পিরোজপুর উন্নয়ন এলাকার মাঠ কর্মী বিধান শনিবার রাতে তার আগের কর্মস্থল পাড়েরহাটের নিকুঞ্জ তালুকদারের বাড়িতে একদল সন্ত্রাসীর হামলার শিকার হন। নিকুঞ্জের স্ত্রী দুলালী রানী জানান, বিধান তাদের বাড়িতে দুই বছর পেয়িংগেষ্ট থেকে প্রশিকার মাঠ কর্মী হিসাবে চাকরি করেছেন। তিনি তার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে নুপুরকে পড়াতেন। ৪/৫ মাস আগে তিনি পিরোজপুর অফিসে বদলি হন। শনিবার রাত ৮টার দিকে তিনি তাদের বাড়ি বেড়াতে আসলে প্রতিবেশী চিত্ত তালুকদারের ছেলে মানিক (৪৫) সদলবলে বিধানের উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিধানের হত্যাকারী মানিক দুলালীর প্রতি দুর্বল ছিল। তাই দুলালীর পরিবারের সাথে বিধানের সম্পর্ক মানিক সহ্য করতে না পেরে এই হত্যাকাণ্ড ঘটায়। পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বেগ জানান, এ ঘটনায় শুভ খলিফা, নয়ন ও খোকন সিকদার নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুভ ঐ ঘটনার সাথে যুক্ত ছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। নিহত বিধান পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপুপাড়া গ্রামের মৃত নদীয়া বিহারী রায়ের ছেলে। ইন্দুরকানী থানার (জিয়ানগর) ওসি কামরুজ্জামান জানান, মানিক তালুকদার ও গ্রেফতারকৃত আসামিসহ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে।