বিকেন্দ্রীকরণ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটমুক্তি সম্ভব নয়
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের নবনিযুক্ত কেন্দ্র পরিচালকদের ব্রিফিং সেশন গতকাল রবিবার ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে দুপুরে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিচালকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, পরীক্ষা অনুষ্ঠানসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া গাজীপুর ক্যাম্পাস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার অধিভুক্ত কলেজের ১২ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, সেশনজট থেকে মুক্তি, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিচালনা কিছুই সম্ভব নয়। তাই আমরা ৬ টি প্রশাসনিক বিভাগীয় শহরে ৬ টি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভূমি অধিগ্রহণ করে নিজস্ব স্থাপনা নির্মাণসহ এসব আঞ্চলিক কেন্দ্রকে পূর্ণ অবয়বে সাজাতে এক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। সভায় ৬ টি আঞ্চলিক কেন্দ্র প্রধান ড. মো. গোলাম রাব্বানী, অধ্যক্ষ মো. রবিউল হক, ড. মো. জাহাঙ্গীর আলম, ড. অলক কুমার সাহা, আ স ম আবদুল হক (একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক), অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া ও ধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর উপস্থিত ছিলেন।