দৃষ্টান্ত স্থাপন করতে চান ইউনিস খান
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২১:৫৬
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপে দৃষ্টান্ত স্থাপন করতে চান পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান। প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকার পর সমপ্রতি ওয়ানডে দলে ডাক পাওয়ার পর ইউনিস বলেন, ওয়ানডে ক্রিকেটে তিনি নিজে একটা লক্ষ্য স্থির করেছেন এবং আগামী মাসে সুযোগ পেলে তিনি সেটা কাজে লাগাতে চান। ইউনিস বলেন, ‘আপনি যে ভার্সনেই খেলেন না কেন সেখানে পাওয়া যে কোন সুযোগ কাজে লাগানোটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের হয়ে খেলাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যখনই আমি ওয়ানডে খেলার সুযোগ পাব, আমি একটা দৃষ্টান্ত স্থাপন এবং কিছু লক্ষ্য অর্জন করতে চাইবো।’ নিজের টেস্ট রেকর্ডের সঙ্গে ওয়ানডে রেকর্ড একদম বেমানান সিনিয়র এ ব্যাটসম্যান জানান, যে কোন ভার্সনে খেলতেই তিনি পছন্দ করেন।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ইউনিস বলেন, ‘এক ফর্মেটে ভাল খেলতাম- কেউ আমাকে এমনভাবে মনে রাখুক আমি সেটা চাই না... আমার নিজের এবং দেশের জন্য আসন্ন ওয়ানডে ম্যাচগুলো আমি স্মরণীয় করে রাখতে চাই। আগামী ওয়ানডে ম্যাচগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। সবার আগে আমি প্রথম এখানে হাফ সেঞ্চুরি পেতে চাই।’ এই ওয়ানডেগুলোতে নিজেকে প্রমাণ করতে না পারলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারবেন না উল্লেখ করেন ইউনিস।
দক্ষিণ আফ্রিকায় ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলা পাকিস্তানের এই ক্রিকেটার আরও বলেন, ‘অনেক ব্যক্তি আমার ওপর অনেক বিশ্বাস রেখেছেন এবং এ সকল ব্যক্তির এমন বিশ্বাস রাখার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের যাতে ছোট না হতে হয় আমি তার জন্য চেষ্টা করব।’
টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৩৬ বছর বয়সী ইউনিসের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ৮৯ টেস্টে ৫১.৩৮ গড়ে তার মোট রান ৭৩৯৯। পক্ষান্তরে ২৫৩ ওয়ানডেতে মাত্র ৩১.৮৮ গড়ে তার মোট রান ৭০১৪। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ট্রিপল সেঞ্চুরি করা পাকিস্তানের একমাত্র খেলোয়াড় ইউনিস। ২০০৯ সালে করাচিতে শ্রীলংকার বিপক্ষে ৩১৩ রান করা এ তারকা আসন্ন লংকা সফরে আবারো রান করে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে চান। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে শ্রীলংকা দলটা আমার জন্য ভাল। আমার অভিষেক টেস্টে তাদের বিপক্ষে একটা সেঞ্চুরি পেয়েছিলাম এবং ট্রিপল সেঞ্চুরিও তাদের বিপক্ষে। তবে এটা একটা নতুন সিরিজ এবং এটা খুবই কঠিন একটা সিরিজ হবে। কারণ সাম্প্রতিক সময়ে তারা খুবই ভাল করছে। আমি কেবল আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করব। তবে হ্যাঁ একটা বিরতির পর আপনি যে কোন ভার্সনই শুরু করেন তখন আপনাকে ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগবে।’ আগস্ট মাসে শ্রীলংকা সফরে পাকিস্তান দল দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। সাত মাস পর এটাই হবে পাকিস্তান দলের প্রথম টেস্ট। সর্বশেষ গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতে এই লংকানদের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিল পাকিস্তান।
দ্বিতীয়বার পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেয়া ওয়াকার ইউনিসেরও প্রশংসা করেন ইউনিস, ‘আগে যখন তিনি আমাদের প্রধন কোচ ছিলেন তখনও আমি তার সঙ্গে কাজ করেছি এবং তার সময় দলের অনেক উন্নতি দেখা গেছে এবং দল ধারাবাহিকতা অর্জন করেছিল। আমি নিশ্চিত শেষবার আমরা যেখানে ছিলাম সেখান থেকে তিনি আবারো একবার আমাদের জয়ের ধারায় ফেরাতে এবং উন্নতি করতে পারবেন।’ আগামী বিশ্বকাপের আগে শ্রীলংকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কমপক্ষে ১৫টি ওয়ানডে ম্যাচের সূচী রয়েছে।