কন্যা শিশু সম্মেলনে যোগ দিতে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২২:৪৬
বাল্যবিবাহ প্রতিরোধসহ মেয়ে শিশুর অধিকার বিষয়ক গার্ল সামিট ২০১৪ বা কন্যাশিশু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তিন দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার সকালে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্রিটিশ সরকার ও ইউনিসেফের উদ্যোগে প্রথমবারের মতো এই গার্ল সামিটের আয়োজন করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেইকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিচ্ছেন। এছাড়াও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী জাস্টিন গ্রিনিং প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে অংশগ্রহণের জন্য টেলিফোনে বিশেষ অনুরোধ জানান।
কন্যাশিশুর অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অঙ্গীকার ও সফল প্রয়াসের আলোকে এ আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি বিশেষ স্বীকৃতির প্রতীক উল্লেখ করে মন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটাই হবে যুক্তরাজ্যে তথা পাশ্চাত্যে সরকারের শীর্ষ পর্যায়ে প্রথম দ্বি-পক্ষীয় বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্য সফর করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ পররাষ্ট্র এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার অনুষ্ঠেয় দ্বি-পক্ষীয় বৈঠকটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। এ বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জাস্টিন গ্রিনিং এবং ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডারসহ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিরোধী দলের ছায়া মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো গভীর হবে এবং দ্বি-পক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে গার্ল সামিট সম্পর্কে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রিটিশ সরকার ও ইউনিসেফের উদ্যোগে বিশ্বব্যাপী কন্যাশিশুর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের জন্য এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ভ্রূণ অবস্থায় কন্যা শিশু হত্যা, মেয়েদের খত্না, বাল্য বিয়ে ও জোরপূর্বক বিবাহের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশি বংশোদ্ভূত আমিরা হকের পদত্যাগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের একজন কৃতী সন্তান হিসেবে আমিরা হকের উচ্চ পদে যাওয়াতে আমরা গর্বিত। সম্প্রতি তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। জাতিসংঘের উচ্চ পদে এইসব পরিবর্তন অভ্যন্তরীণ ব্যাপার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকাল পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৫ যোগে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া, প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ। এছাড়া বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন ও ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জুলফিকার আলী মানিক গণমাধ্যমের বিশেষ ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী লন্ডন সফরশেষে দেশে ফিরে আসবেন।