দুবাইয়ে তারেকের সঙ্গে দেখা হলো খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার বড় পুত্র তারেক রহমানকে নিয়ে মদিনায় পৌঁছেছেন। শনিবার রাতে ঢাকা থেকে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে খালেদা জিয়ার সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত্ হয়। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর ছেলের সঙ্গে দেখা হলো মায়ের। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত হয়ে উঠে মা-ছেলের চোখ। খালেদা জিয়া দুবাইয়ের স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে আগেই পৌঁছে মায়ের জন্য অপেক্ষায় ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তারেকের মেয়ে জায়মা রহমান। তারা দুবাইয়ে ৮ ঘণ্টার যাত্রাবিরতিতে মায়ের অপেক্ষায় ছিলেন। খালেদা জিয়া দুবাইয়ে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে ছেলে তারেকসহ অন্যদের নিয়ে স্থানীয় সময় রাত ১টা ৫৫ মিনিটে সরাসরি মদিনার উদ্দেশে রওনা করেন। এর আগে সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে ওমরা পালন করতে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে (ইকে-৫৮৫) শনিবার রাত ৯টা ১০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গে ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী-ছেলেসহ কয়েকজন স্বজন সফরসঙ্গী হিসেবে আছেন।