মালয়েশিয়া এয়ারলাইন্সের ২০০ যাত্রীর লাশ ‘ছিনতাই’
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২২:৫৬
মালয়েশিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির লাশ ইউক্রেনের পূর্বাঞ্চলের সশস্ত্র রুশপন্থি বিদ্রোহীরা ‘ছিনতাই’ করেছে বলে গতকাল রবিবার অভিযোগ করেছে ইউক্রেন কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তারা জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২০০ লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু বিদ্রোহীরা লাশগুলো কেড়ে নিয়ে রেফ্রিজারেটেড ট্রেনে তুলে নিয়ে চলে যায়।
আন্তর্জাতিক মহল থেকে যখন বিমান ভূপাতিত করার ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জোরালো হচ্ছে তখন গতকাল সকালের এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। কারণ বিদ্রোহীদের বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল যে তারা ঘটনার আলামত ও তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক তদন্ত দলের চলাফেরা সীমিত করে দিয়ে দিয়েছে। তারা সব স্থানে তদন্ত দলকে যেতে দিচ্ছে না। এপির একজন সাংবাদিক জানান, তিনি গতকাল ঘটনাস্থলে কোনো লাশ কিংবা কোনো বিদ্রোহীকে দেখেননি। আরেক প্রত্যক্ষদর্শী জানান, বিদ্রোহীরা জোর করে লাশগুলো তাদের নিয়ন্ত্রিত একটি শহরে নিয়ে গেছে। বিভিন্ন বার্তা সংস্থার ছবিতে দেখা গেছে, রেফ্রিজারেটেড ওয়াগন নিয়ে ব্যস্ত রেল কর্মচারীরা। ধারণা করা হচ্ছে ওয়াগনগুলিতে লাশ ভরা ছিল। ঘটনাস্থলের ১৫ কিলোমিটার দূরে অবস্থিত টরেজের একটি রেল স্টেশনের ডিউটি অফিসার নাটালিয়া খুরুজায়া বলেন, তিনি কর্মীদের পাঁচটি ওয়াগনে লাশ ভরতে দেখেছেন। এগুলো সিলগালা করে নিয়ে যাওয়া হয়। অনুসন্ধানে নিয়োজিত কর্মীরা বলেছেন, বিদ্রোহীরা যেহেতু অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল তাই লাশ দিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না।
এদিকে, মালয়েশীয় বিমান বিধ্বস্ত হওয়ার পুরো এলাকায় অবাধ প্রবেশের সুযোগের জন্য ইউক্রেন বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেছেন। তিনি বলেছেন, ‘পুতিন যে সাহায্য করতে চান তা বাস্তবে দেখানোর সময় ফুরিয়ে যাচেছ।’ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও রাশিয়াকে বলেছে, পুরো এলাকায় প্রবেশাধিকার প্রয়োজন। ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) ’র এক মুখপাত্র বলেন, সশস্ত্র ব্যক্তিরা ওই এলাকার নিয়ন্ত্রণ করছে। তারা ফাঁকা গুলিও ছুড়েছে।
অর্থ ফেরতের ঘোষণা:এদিকে, মালয়েশিয়ার এমএইচ১৭ বিমান দুর্ঘটনার পর দেশটির এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, যেসব যাত্রী তাদের টিকেট বাতিল করতে চান তাদের পুরো অর্থ ফেরত দেয়া হবে। বছরের অবশিষ্ট সময়ে ভ্রমণের জন্য যেসব যাত্রী টিকেট কিনেছেন তারা ইচ্ছা করলে আগামী বৃহস্পতিবারের মধ্যে কোনো অর্থদণ্ড ছাড়াই টিকেট পরিবর্তন বা বাতিল করতে পারবেন। তবে কতজন যাত্রী এ পর্যন্ত এ সুযোগ গ্রহণ করেছেন তা জানা যায়নি। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।