দুঃখ প্রকাশ করে শাস্তি কমাতে সাকিবের আবেদন

জাতীয় দল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান তার কৃতকর্মের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে শাস্তিটি কমানোর আবেদন করেছেন। সাকিব গতকাল রবিবার মিরপুরে বিসিবি অফিসে গিয়ে বোর্ড বরাবর লিখিত শাস্তি কমানোর আবেদনটি ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরীর কাছে জমা দেন। তার আগে বিসিবি কার্যালয়েই পড়ে শোনানো এক লিখিত বিবৃতিতে বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দর্শক সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বেশি স্বীকৃত এই ক্রিকেটার। কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের সাথে অসৌজন্যমূলক ব্যবহার, জাতীয় দলের হয়ে না খেলার হুমকি ও সাম্প্রতিক সময়ে একজন দর্শককে মারধরের মতো আচরণগত সমস্যার শাস্তি হিসেবে বিসিবি ৭ জুলাই এই অলরাউন্ডারকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে। এছাড়া আগামি বছরের ডিসেম্বর পর্যন্ত তার বিদেশে খেলার অনুমতি বাতিল করে বোর্ড। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন খেলোয়াড়টির আবেদন প্রসঙ্গে জানান যে সাকিবের লিখিত আবেদনটি তিনি বুঝে পেয়েছেন। তবে এটি ক্রিকেট বোর্ডের ব্যাপার। তিনি তা বোর্ডের কাছে জমা দেবেন। বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শাস্তি পুনর্বিবেচনার বিষয়টি কত দিনে নিষ্পত্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না, আমি বোর্ডকে অবহিত করবো, বোর্ড যতদ্রুত সিদ্ধান্ত নেয়।’ অলরাউন্ডার সাকিব লিখিত বিবৃতিতে বলেন, ‘আসসালামু আলাইকুম, আমার কোন আচরণে বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল বিব্রত হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি, একই সাথে দর্শক এবং সমর্থক যারা সব সময় বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন তাদের কাছেও আমি দু:খ প্রকাশ করছি।’ ‘আমি স্বীকার করছি যে, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এবং বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে আমি অনেক ক্ষেত্রেই যথাযথ শৃঙ্খলা এবং সংযত আচরণ প্রদর্শন করতে পারিনি। ভবিষ্যতে আমি আরো পরিণত আচরণ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমার ব্যাপারে বোর্ডের যা সিদ্ধান্ত হয়েছে তা আমি সম্মান করি। কিন্তু ক্রিকেট খেলা থেকে দূরে থাকার চাইতে কষ্টকর আমার জন্য আর কিছু হতে পারে না।’ সাকিব আরো বলেন, ‘ক্রিকেট আমার জীবন এবং অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে আমি বাংলাদেশের রং এবং বিসিবি’র লোগো পরে আসছি। এটা আমার জন্য সবচাইতে গর্বের বিষয়। বাংলাদেশ দল আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আমি জাতীয় দলের জন্য আমার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে খেলি। ভবিষ্যতে বাংলাদেশের জন্য আমার সবটুকু উজাড় করে দিবো। আমি বিসিবি এবং বাংলাদেশ দলের সাথে বড় হয়েছি, বাংলাদেশ ক্রিকেট আমার জন্য অনেক বেশি আবেগের জায়গা। আমি সেই অবস্থান থেকেই বোর্ডের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি, খেলা থেকে সাসপেনশনের সিদ্ধান্তটি যেন পুনঃ বিবেচনা করা হয়।’