তিন মাসে সারাদেশে ৪৮ হাজার মামলা

রাজধানীসহ সারা দেশে গত ৩ মাসে (এপ্রিল-জুন) খুন, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৪৮ হাজার মামলা হয়েছে। যা আগের ৩ মাসের তুলনায় ৩ হাজার মামলা বেড়েছে। এদের মধ্যে অধিকাংশই মাদকদ্রব্য সংক্রান্ত মামলা। পুলিশ সদর দপ্তরে গতকাল রবিবার ত্রৈমাসিক অপরাধ সভায় এ তথ্য জানানো হয়। অপরদিকে সভায় পুলিশের প্রধান আইজিপি হাসান মাহমুদ খন্দকার পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং চলমান রমজান ও আসন্ন ঈদ উল ফিতরে সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিনি হাইওয়ে ও জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। সভার শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে পরিচিতিমূলক বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি গার্মেন্টসখাতসহ সকল ক্ষেত্রে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা সুধী মহলে প্রশংসিত হচ্ছে। আপনাদের এ ভূমিকা অব্যাহত রাখতে হবে। সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম) জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, গত ৩ মাসের অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার ইত্যাদিসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি আরো জানান, গত ৩ মাসে সারাদেশে রুজুকৃত মামলার সংখ্যা ছিল প্রায় ৪৮ হাজার, যা গত প্রান্তিকের তুলনায় মাদকদ্রব্য উদ্ধারজনিত মামলার কারণে বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে সারাদেশে পণবন্দী, পাওনা টাকা উদ্ধার, শত্রুতা, আধিপত্য বিস্তার ও অন্যান্য কারণে যে সকল অপহরণ মামলা হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। যেসব ভিকটিম এখনো উদ্ধার হয়নি তাদেরকে উদ্ধারের তত্পরতা বৃদ্ধির জন্য সভায় গুরুত্বারোপ করা হয়। সভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মামলা দ্রুত নিষ্পত্তিকরণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা চলমান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাইম আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) আমির উদ্দিন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান চৌধুরী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।